কুড়িগ্রামের রাজারহাটে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
সোমবার দুপুরের দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েকদিন আগেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ।
এরই জেরে সোমবার দুপুরের একটু আগে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। একই সাথে সংঘর্ষে উভয় গ্রুপের আরও পাঁচজন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, ২০ শতক খাস জমির প্রতি বছর এটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সংঘর্ষ হয়। নতুন করে এবারো খাস জমি দখলকে কেন্দ্র করে উপয় পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হন। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি মো: তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও মামলা না হলেও প্রস্তুতি চলছে।
0 Comments