![]() |
| জয়ী হয়ে নোভাক জোকোভিচের উল্লাস। সংগৃহীত ছবি |
অস্ট্রেলিয়ান ওপেনে আলকারাজকে বিদায় করে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার (২১ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে ম্যাচটি জিতে নেয় জোকোভিচ। প্রথম সেট জিতে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন আলকারাজ। তবে জোকোভিচের অসাধারণ পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেননি তরুণ স্প্যানিয়ার্ড।
উইম্বলডনের গত দুইবারের ফাইনালে জোকোভিচকে হারিয়ে শিরোপা উদযাপন করেন আলকারাজ। এরপর গত বছরের প্যারিস অলিম্পিকসে এককের ফাইনালে আলকারাজওকে হারিয়েই সোনার পদক জিতেন ৩৭ বছর বয়সী জোকোভিচ। বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ১০টি ট্রফি জিতেছেন জোকোভিচ। এদিকে এবার প্রথম দুই ম্যাচে একটি করে সেট হারলেও, পরের দুই ম্যাচে সরাসরি সেটে জয় পান তিনি।
কোয়ার্টার-ফাইনালে নেমে শুরুতেই সেট হেরে যায় জোকোভিচ। তবে এরপরই যেন দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। প্রতিপক্ষকে পরে আর তেমন কোনো সুযোগই দেননি অভিজ্ঞ এই টেনিস তারকা। তিন ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ চ্যালেঞ্জ জানিয়েছিলেন ঠিকই। কিন্তু ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি আলকারাজ।

0 Comments